বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:২৩
বাহরাইনে কয়েক ডজন শিয়া নাগরিক গ্রেপ্তার

বাহরাইনে কয়েক ডজন শিয়া নাগরিক গ্রেপ্তার

জিজ্ঞাসাবাদের নামে ডেকে নিয়ে গ্রেপ্তারের অভিযোগ

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বেসামরিক সদস্য ও বাহিনীর সদস্যরা গত কয়েক দিনে দেশটির শিয়া নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যরা সাম্প্রতিক দিনগুলোতে শিয়া নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক দিনে পুলিশকেন্দ্রে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হওয়ার একাধিক তলব জারির পর বেশ কয়েকজন শিয়া নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটি এলাকায় এই ধরপাকড় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে দিয়ের, সামাহিজ, আল-দিরাজ, বানি জামরা ও আবু সাইবা উল্লেখযোগ্য।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন-ইউসুফ আল-মুহান্দিস, মানাফ জাসেম, মুহাম্মদ আল-হাজ্জ, সাজ্জাদ মুহাম্মদ আবদুল মাজিদ, আলী আল-আজমি, আহমদ হাসান আল-শাহাবি, মুহাম্মদ হিশাম, নাসরুল্লাহ শাকের মানসুর এবং মুহাম্মদ জায়েদ। প্রতিবেদনে বলা হয়েছে, মুহাম্মদ জায়েদ মুক্তি পাওয়ার মাত্র তিন দিন পর পুনরায় গ্রেপ্তার হন।

বাহরাইনি কর্তৃপক্ষের নিরাপত্তা তৎপরতা জোরদারের ফলে শত শত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে শিয়া ধর্মীয় আলেম ও হাওযায়ে ইলমিয়ার শিক্ষকরাও রয়েছেন।

এ ছাড়া ইরানের প্রতি সহানুভূতির অভিযোগে ৬৯ জন নাগরিকের বাহরাইনি নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে শিশু এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন, যাদের নাগরিকত্ব নির্ভরশীলতার ভিত্তিতে বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা এবং অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি বন্ধের দাবি জানানোর কারণে উপসাগরীয় দেশগুলোর কয়েকটি সরকার হাজার হাজার নাগরিকের নাগরিকত্ব বাতিল এবং শিয়া নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha